সোমবার, ২৮ মার্চ, ২০১৬

প্রতীক্ষা

দ্বিতীয় কোনো পথ নেই তো,-
জানিনা ঠিকানা।
হারিয়েছি ছবি।
নম্বরটা ভুল বলে,
টেলিফোন ও দিল ফাঁকি।

ফেসবুকে নেই সে,
অনেক তো খুঁজলাম,-
বিজ্ঞাপন দিইনি,
তবু অপেক্ষায় থাকি।
আসবে বলে,-
_________সুরজিৎ সী

বুধবার, ১৬ মার্চ, ২০১৬

হারানো সেই দিন গুলো

ডাকত পাখি গাইত গান নাচত দিঘির জল।
আমদের ও ছিল একটি না-ঘুমোনোর দল।
মায়ের চোখে ফাঁকি দিয়ে বৈশাখী দুপুরে,
বড়শি কাঁধে শিকারি হয়ে চলতাম ঐ দূরে।
বনের ধারে ঝিলের পাড়ে বড়শি নিয়ে হাতে।
বকের মতো চুপটি করে বসতাম এক সাথে।
ঘাসফড়িংকে টোপ বানিয়ে ফাঁসিয়ে নিতাম মাছ।
হারানো সেই দিন গুলো খুব মনে পড়ে আজ।
যেই মাছটি ছেড়ে যেত সেইটা বড় হত।
এসব নিয়ে আবোলতাবোল তর্ক হত যত।
তখন যেন ওসব ছিল সব কাজেরই কাজ।
হারানো সেই দিন গুলো খুব মনে পড়ে আজ।
                            _____________সুরজিৎ সী

সোমবার, ১৪ মার্চ, ২০১৬

বদ-অভ্যেস

আজও রোজ সকাল হলেই সব কাজ ফেলে,
আগে মেসেজ গুলো চেক করি।
না না আশা আর মোটেই নেই,
কেমন যেন একটা অভ্যেস হয়ে গেছে।
আমিতো জানি ওদের কথা,
মেসেজরা আজ ঠিকানা বদলেছে।

আশা ভরসারা আজ থালায় রাখা কর্পূর।
শুধু একরাশ স্মৃতি পাথরের মতো
কঠিন হয়ে জমে গেছে বুকটার ভেতরে।
ওরা ছটপট করেনা, নড়েও না চড়েও না।
মাঝেমধ্যে শ্বাসনালীটা চেপে ধরে,
তাতেও ওরা অদক্ষতার পরিচয় দেয়।

বদ-অভ্যেস গুলো,-
হ্যাঁ, অনেকেই একে বদ-অভ্যেস বলে।
অভ্যেসটা বদ হোক কিংবা সৎ,
সমাজের চোখে একটা অকম্মার ঢেঁকি
করে রেখেছে আমাকে।
কয়েক দিনের প্রতীক্ষা আজ
বদ-অভ্যেসে পরিনত হল।

       _________সুরজিৎ সী

বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৬

যদি জানতে

স্রোতের মুখে পা পড়েছে,
দিশেহারা তরী,
জানি শেষ তার নোনা জল,
এখন যার দু-ফোঁটা কপোলে!

চুরি গেছে মুখের ভাষা,
মনের আশা ছিনতাই,-
স্বপ্ন গুলো হাতছানি দেয়,
ডাস্টবিন থেকে!

মরণ পিপাসু প্রত্যাশা গুলো,
এখন প্রতিক্ষারত,
শুধু একটি ইশারা,
তোমার তর্জনীর!

মরীচিকা ভালোবাসা,
ভালো লাগা লুপ্তপ্রায়,
বিলুপ্ত অনুভূতি,
শরীর জীবাশ্ম। জীবন্ত!

তবু আঁখি আলোকচিত্রে,
তব আঁখি পানে,
নিষ্পলক অতলস্পর্শী।
__________সুরজিৎ সী

রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৬

ফাগুন

তুমি কি যাবে আমার সঙ্গে,
ওই স্বর্গ উদ্যানে?
যেখানে বিন্দু বিন্দু করে
জমেছে ফাগুন,
রক্তিম পলাশের ডালে।
যেখানে কপোত কপোতি খেলে,
মনের সুখে।
কিচিমিচি রবে,
ঝগড়া করে দুইটি শালিক।
সবুজ ঘাসে মোড়া মাঠ,
ঘাসফুল চুম্বন করে নাগা পায়ে।

তুমি কি রাখবে তোমার মাথাটি,
আমার বুকে?
যে বুকে জমে গেছে,
রঙবেরঙের স্বপ্নের পাহাড়।
আঙুলের আলতো ছোঁয়ায়,
এঁকে দেব রামধনু,-
তোমার দুইটি চোখে।
যে চোখ দিয়ে দেখেছি আমি,
তোমার পৃথিবীর,-
তোমার আকাশ,-
দেখেছি তোমার তোমাকে।
______________সুরজিৎ সী

রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৬

আগুন

গোলাপ তো নয়,-
কেউ একজন এসেছিল মশাল হাতে,
কি চাইছিল ও,-
সেটা আজও স্পষ্ট নয় আমার কাছে!
মশাল নিভে যাওয়ার পরে ও,-
ওর চোখে আমি আগুন দেখেছিলাম!
কিসের আগুন ওটা,-
সেটা ভেবেই আজও আমার রাত কাটে!
উত্তর পাই না,-
অমন আগুনে যার দু-চোখ ভরা,
তার হাতে মশাল ছিল কেন?
চোখ ভরা আগুন কি কম তীব্র ছিল?
_____________________সুরজিৎ সী